

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগজিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
আজ মঙ্গলবার দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে আজ ভোরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় মাসুদপুর সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, সম্প্রতি সারাদেশে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৩৪টি বিদেশি পিস্তল, ০২টি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ০২টি মর্টার সেল, ০১টি ককটেল, ০৪টি হ্যান্ড গ্রেনেড এবং ২০ কেজি গান পাউডারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে ১ জন আসামিসহ ৯.৩ কেজি বিস্ফোরক, ০৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। বর্তমানে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলেও তিনি জানান তিনি।
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

