

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নসহ আশেপাশের কয়েকটি গ্রামের দীর্ঘদিন ধরে মানসম্মত স্বাস্থ্যসেবার ঘাটতি ছিল। সামান্য অসুস্থতা কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে এলাকাবাসীকে যেতে হতো উপজেলা সদর বা জেলা শহরে। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি জরুরি মুহূর্তে চিকিৎসা পেতে দেরি হওয়ার ঝুঁকিও ছিল। এই প্রেক্ষাপটে দড়গ্রাম বাজার এলাকায় এ রহমান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক আলহাজ্ব ডা. সাইফুদ্দিন আহম্মেদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এড. সোহরাব হোসেন, সাটুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদ বিএসসি, দড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিনুর বক্স রতনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, গ্রামাঞ্চলে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখন সময়ের বড় চ্যালেঞ্জ। সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি উদ্যোগে এমন স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমবে এবং স্বাস্থ্যসেবা গ্রহণ সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ রহমান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগ নির্ণয়, প্রাথমিক ও জরুরি চিকিৎসা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা ও আরও উন্নত চিকিৎসা সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে গিয়ে নানা ভোগান্তির শিকার হতে হতো। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীদের জন্য যাতায়াত ছিল কষ্টকর। নতুন এই স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ায় এখন ঘরের কাছেই প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া যাবে বলে তারা আশা করছেন।

