ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৬

সীমান্ত পরিস্থিতি ও নির্বাচন প্রস্তুতি নিয়ে জুড়ীতে ৫২ বিজিবির প্রেস ব্রিফিং

সাইফুল ইসলাম সুমন, জুড়ী: সীমান্তে তৎপরতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রস্তুতি নিয়ে জুড়ীতে প্রেস ব্রিফিং করেছেন ৫২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো: আতাউর রহমান সুজন, এসইউপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে স্থাপিত বিজিবির বেইজ ক্যাম্পে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে ৫২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো: আতাউর রহমান সুজন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ৫২ বিজিবি ব্যাটালিয়ন-এর দায়িত্বপূর্ণ এলাকায় সিলেট ও মৌলভীবাজার জেলার অন্তর্গত মোট চারটি উপজেলার ৩০৫টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাড়ে বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নির্বাচনী দায়িত্ব কার্যকর ও সুসংগঠিতভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট এলাকায় চারটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। যেখান থেকে বিজিবি সদস্যরা স্থায়ী ফোর্স হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী উপজেলাসমূহে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে এবং অন্যান্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ, যানবাহন ও আধুনিক সরঞ্জামসহ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই বেইজ ক্যাম্পকেন্দ্রিক নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপন এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বহুলাংশে জোরদার করা হয়েছে।

বর্তমানে ভোটকেন্দ্রসমূহ ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২)-এর আওতায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিজিবি সর্বোচ্চ ভূমিকা পালন করছে।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধীন ১৫টি বিওপির আওতাভুক্ত ১১৩.৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহৃত হচ্ছে।

এরই ধারাবাহিকতায়, ২৯ জানুয়ারি থেকে অদ্যাবধি ৫২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর, পাইপগান, নাশকতামূলক সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার ফলে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক তৎপরতা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ-এর সম্মানিত মহাপরিচালকের দিকনির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে ৫২ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবি সদস্যগণ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ উত্তর-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর সরাইল দৃঢ়ভাবে আশাবাদী যে সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বর্ডার গার্ড বাংলাদেশ তার ওপর অর্পিত দায়িত্ব ভবিষ্যতেও দৃঢ়তার সঙ্গে পালন করে যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram