

মনীষ সরকার রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী জোট মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমানের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে মিছিলটি সুন্দরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে মীরগঞ্জ বাজারসহ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক বদরুল আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, বিশিষ্ট শিল্পপতি ও শ্রমিক নেতা নওশের আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, জেলা এলডিপির আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা এবি পার্টির আহ্বায়ক তাজুল ইসলাম, মাটিকাটা শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম হোসেন, শ্রীপুর ইউনিয়ন সভাপতি ইছা মো. আব্দুর রশিদ।
গণমিছিলে উপজেলার পনের ইউনিয়ন ও পৌরসভার কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

