

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম ও কারচুপির সুযোগ নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল জেলার উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা।
তিনি বলেন, উপজেলার ৮৪টি ভোটকেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। এরপরও ভোট গ্রহণে দায়িত্বরত পোলিং অফিসার, এজেন্ট, প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কেউ অনিয়মে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাইনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মাওলা, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও সভায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর হোসেন, উজিরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জাকি রকি, বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার জহিরুল ইসলাম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রহমতুল বারী উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল পল্লী বিদ্যুৎ-২ জোনের ডিজিএম গোপাল চন্দ্র শীব, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামসুদ্দোহা চৌধুরী বিপ্লব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুর রশীদসহ বিভিন্ন ব্যাংক ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
গণমাধ্যমের পক্ষ থেকে উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাশেম সেন্টু, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ, সদস্য আহাদ হোসেন সুমন, খলিলুর রহমান, সোহাগ হাওলাদার এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে মোঃ আলী সুজা বলেন, জনগণকে ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। তিনি প্রশাসনের প্রতিটি দপ্তরের সার্বিক খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় জানানো হয়, উজিরপুর উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ১৮৫ জন, মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ২৯ জন এবং হিজড়া ভোটার ১ জনসহ মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২১৫ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪টি।

