ঢাকা
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : আড়াইহাজারে নির্বাচনী প্রস্তুতি দেখে ডিসি

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির।

তিনি জানিয়েছেন যে, মাঠপর্যায়ের পরিস্থিতি এখন পর্যন্ত অত্যন্ত অনুকূলে রয়েছে এবং ভোটাররা কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

​বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা প্রশাসক।

তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিটি কেন্দ্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বর্তমানে কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা না করা হলেও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। একইসঙ্গে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও তিনি নিশ্চিত করেন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এবং উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম। এ সময় প্রশাসনের কর্মকর্তারা জেলা প্রশাসককে কেন্দ্রগুলোর কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত করেন।

​এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের জন্য এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই কর্মসূচি সম্পন্ন হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

প্রশিক্ষণে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচন সংশ্লিষ্ট আইন, ভোটগ্রহণ পদ্ধতি এবং ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচনের দিন পর্যন্ত কেন্দ্রগুলোতে কড়া নজরদারি অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram