

এমএ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কৈ-পুল্কী গ্রামে প্রাইভেটকারে আগুন জ্বালিয়ে দিয়ে নাশকতা সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। সেই সাথে প্রশানের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকেও পাঠানো হয়েছে।
গাড়ীর মালিক জিয়াউল হক জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে আমি না থাকায় দুর্বৃত্তরা আমার প্রাইভেটকারে (ঢাকা মেট্রো খ-১২৬০০৫) দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। তিনি আরো জানান, সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী তালা মার্কার পক্ষে অবস্থান নেওয়ায় আমার এই গাড়ী জ্বালিয়ে দেওয়া হয়েছে।
জানা যায়, জিয়াউল হক বেলাইচন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি। তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় বেশ কিছুদিন থেকে হুমকীর মুখে ছিলেন। আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মডেল থানার ওসি এম এ ফারুকের সাথে কথা হলে তিনি বলেন, গাড়ী জ্বালানোর বিষয়টি থানায় জানানো হয়েছে।
