

একে মিলন, সুনামগঞ্জ: পেশাগত দক্ষতা ও জনবান্ধব পুলিশিংয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার মো. রতন শেখ পিপিএম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের এই পুরস্কার তুলে দেওয়া হয়। সিলেট রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মুশফেকুর রহমান রতন শেখের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
সুনামগঞ্জ সদর থানায় যোগদানের পর থেকেই তিনি বেশ কিছু ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি গ্রহণ, পলাতক আসামি গ্রেফতারে বিশেষ সাফল্য, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
টানা কয়েকবার এই গৌরব অর্জন করায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সুধীমহল তাকে অভিনন্দন জানিয়েছেন। ফেসবুক পোস্টে এক প্রতিক্রিয়ায় ওসি রতন শেখ বলেন, এই সম্মাননা সুনামগঞ্জ জেলার সকল পুলিশ সদস্য ও সাধারণ জনগণের। তাঁদের সহযোগিতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না। এই স্বীকৃতি আমাকে পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।

