

কেরানীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলন হাত পাখা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করা সমর্থকদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ করেছে ঢাকা-২ আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তেতুলজোড়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন।
মাওলানা জহিরুল ইসলাম বলেন, একটি প্রভাবশালী পক্ষ নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে ইসলামী আন্দোলনের সমর্থকদের নানাভাবে বাধা প্রদান করছে।
গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে পোস্টার লাগানো, লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। কোথাও কোথাও সমর্থকদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে। পাশাপাশি আমার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এ বিষয়ে আমি রিটার্নিং অফিসার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন, নির্বাচনের মাঠে সবাইকে সমান প্রচারণা করার সুযোগ তৈরী করে দিন।
তিনি আর ও বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে আমাদের সমর্থকদের আতঙ্কিত করা হচ্ছে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”
এ বিষয়ে ঢাকা-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার মো: মনিরুল ইসলাম জানিয়েছেন, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং নির্বাচনী এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

