

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি ভিউ ব্যবসার উদ্দেশ্যে নির্বাচন হবে না—এমন গুজব ছড়াচ্ছেন। এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সহায়তা দেবে। তিন বাহিনীর প্রধানরা নির্বাচনী কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কোনো অবস্থাতেই অনৈতিক কাজে জড়ানো যাবে না। প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ করা হতে পারে, তবে অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, প্রিজাইডিং অফিসাররা ভোটকেন্দ্রের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। নির্বাচনের দিন জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কারো কাছ থেকে অনৈতিক নির্দেশনা এলে তা গ্রহণ করা যাবে না। সুষ্ঠু ভোটের জন্য কেন্দ্রের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে হবে।
ঢাকা বিভাগীয় কমিশনার জানান, নির্বাচনের দিন সিনিয়র দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে, ভোটকেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে। আনসার সদস্যরা সুরক্ষা অ্যাপ ব্যবহার করবেন। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে ১০ মিনিটের মধ্যেই সাপোর্ট টিম পৌঁছে যাবে। তাই ভোটগ্রহণকারী কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গণভোট থাকায় ভোট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে উল্লেখ করে তিনি বলেন, সঠিক পরিকল্পনা থাকলে ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই ভোট গণনা শেষ করা সম্ভব। আগের নির্বাচনের ভুল পদ্ধতি ভুলে গিয়ে হারানো নির্বাচনী গৌরব ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাপ্রবাহ আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে; যারা রক্ত দিয়ে গেছেন, তাদের আত্মত্যাগকে অর্থবহ করতে হবে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় আরও বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী; জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন; অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম; সেনাবাহিনীর প্রতিনিধি মেজর এ এম এস রাফিউল চৌধুরী; সহকারী কমিশনার (ভূমি) মৌমিত গুহ ইভা এবং সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ৬৩ জন প্রিজাইডিং অফিসার, ৩৩৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৬৮ জন পোলিং অফিসার অংশ নেন।

