

সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে মহেশখালী উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার গোরকঘাট বাজার এবং বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে এ অভিযান পরিচালিত হয়।
৩ ফেব্রুয়ারি সকালে অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।
অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গরু ও মহিষের গোশত বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩ জন ব্যবসায়ীকে পৃথক মামলায় মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট গোশত বিক্রেতাদের নির্ধারিত মূল্যে গোশত বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দেন এবং ভবিষ্যতে অতিরিক্ত দামে গরু বা মহিষের গোশত বিক্রি না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করেন।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

