

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান বিশেষ অভিযানে দুইজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের বাসিন্দা মো. কাইয়ুম হাওলাদার (৩৮) ও মো. রিয়াজ (২৮)। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং নিজেরাও নিয়মিত মাদক সেবনে অভ্যস্ত।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের দুর্গাম এলাকায়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানের প্রথম ধাপে রাত ১টা ৩০ মিনিটের দিকে গাঁজাসহ মো. রিয়াজকে আটক করা হয়। পরে একই এলাকায় আরও অভিযান চালিয়ে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ইয়াবা ট্যাবলেটসহ মো. কাইয়ুম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর এমন কঠোর অভিযান এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখছে। এতে একদিকে মাদক কারবারিদের তৎপরতা কমবে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হবে।
প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে উজিরপুরসহ পুরো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতা আরও জোরদার করা হবে।

