

কেরানীগঞ্জ প্রতিনিধি: ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা দিবেন। আমাকে ভোট না দিলেও সমস্যা নেই, তবুও ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নের জিনজিরা ঈদগা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ভোট দেওয়া নাগরিকের মৌলিক অধিকার, আর এই অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণের মতামত প্রতিফলিত হয়।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, গণতন্ত্র কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি জনগণের সম্মিলিত শক্তি ও সচেতন অংশগ্রহণের ফসল। একটি কার্যকর ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে হলে জনগণকেই এগিয়ে আসতে হবে, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠে প্রতিবাদ জানাতে হবে।
তিনি বলেন, ভোটাধিকার হলো একজন নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার, যা কোনোভাবেই খর্ব করা যায় না। ভোট দেওয়ার অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত প্রকাশ করার সুযোগ পায়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত ইচ্ছা প্রতিফলিত হয়, আর সেটিই গণতন্ত্রের মূল ভিত্তি।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেক হোসেন বাবু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মাসুদ আলম স্বাধীন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য রায়হান মিয়াসহ যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

