

একে মিলন, সুনামগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এই সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ। তিনি সদস্যদের উদ্দেশে বলেন, "ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের পরিবেশ তৈরি করতে আনসার ও ভিডিপি সদস্যদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।" তিনি দায়িত্ব পালনে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন এবং সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দেশপ্রেমের সাথে কাজ করার নির্দেশ দেন।
সমাবেশে জেলা কমান্ড্যান্টসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা হাজার হাজার সদস্য উপস্থিত ছিলেন।

