

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল ১১টায় কর্মচারী ইউনিয়নের আয়োজনে বন্দরের প্রধান ফটকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় দুই ঘণ্টা ধরে কর্মসূচি চলায় প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। এর আগে গতকালও একই সময়ে একই দাবিতে কর্মবিরতি পালন করেছিলেন তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস, ইনল্যান্ড মাস্টার আবদুল কাদের, শেখুল আরেফিন ও হিসাব সহকারী শফিকুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, গত ১৫ বছরে দ্রব্যমূল্য কয়েকগুণ বেড়েছে, কিন্তু তাদের বেতন-ভাতা বাড়েনি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এমনকি ভোট বর্জনেরও আল্টিমেটাম দেন তারা।
