

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোনারগাঁ থেকে প্রায় ৩০/৪০ জন সশস্ত্র লোক দিন দুপুরে এসে এক জামায়াত কর্মীর বাড়ী-ঘর ভাংচুর, লুটপাট এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৬ জনকে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে সোমবার (২ জানুয়ারি) সকাল ১১টায়।
আড়াইহাজার থানা পুলিশ এবং আড়াইহাজারের জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে গিয়ে আক্রান্তদের পরিবার সূত্রে জানা গেছে, গৃহকর্তা মো: তাজুল ইসলামের ছেলে একজন জামায়াতের কর্মী। ঘটনার সময় তিনি এবং তার পরিবারের লোকজন বাড়ীতেই অবস্থান করছিলেন। হঠাৎ করে একটি ট্রাক যোগে পার্শবর্তী এলাকা সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের হাবু মেম্বার এবং তার ভাই নুরা পাগলার নেতৃত্বে প্রায় ৩০/৪০ জন লোক বাড়ীতে এসে বিলাস বহুল বাড়ীটিতে ভাংচুর ও লুটপাট শুরু করে। এ সময় গৃহকর্তা তাজুল ইসলাম বাড়ীর ছাদে অবস্থান নিলে হামলাকারীরা ছাদে উঠে তাকে কুপিয়ে জখম করে। তাছাড়া বাড়ীর নারী পুরুষ নির্বিশেষে তারা মারধর ও বাড়ীতে থাকা দামী আসবাপত্র ভাংচুর করে, নগদ টাকা, স্বর্নালংকার লুটপাট করে নিয়ে যায়। এ হামলায় পরিবারটির ছানাউল্লা, মুসা, ফারুক, কবিরসহ ৬জনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। পরে তারা ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে চলে যায়।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
