ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2026

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাটিরাঙ্গায় সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: বৈষম্যমুক্ত নবম পে-স্কেল অবিলম্বে গেজেট আকারে প্রকাশ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার দাবিতে মাটিরাঙ্গায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে নেমেছেন সরকারি কর্মচারীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে টানা দ্বিতীয় দিনের মতো এ আন্দোলন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টার নবম পে-স্কেল সংক্রান্ত বিভ্রান্তিকর ও শ্রমিক স্বার্থবিরোধী বক্তব্য প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে (সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশনের জাতীয় ভিত্তিক ও দাপ্তরিক কর্মচারী সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত জোট) এ কর্মসূচি পালিত হচ্ছে। মাটিরাঙ্গা উপজেলা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত টানা এই আন্দোলন কর্মসূচি চলবে।

কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের উপদেষ্টা মো. নুর আলম, সভাপতি মো. সানাউল্লাহ রাব্বি, সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, কোষাধ্যক্ষ প্রফুল্ল ত্রিপুরা, সহ-সভাপতি শরীফ আহাম্মদ সুমনসহ বিভিন্ন দপ্তরের শতাধিক সরকারি কর্মচারী।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীরা আজ চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন। অথচ বারবার প্রতিশ্রুতি দিয়েও সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে গড়িমসি করছে, যা সরাসরি কর্মচারী সমাজের সঙ্গে প্রতারণার শামিল। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায়ে সরকার যদি অনতিবিলম্বে কার্যকর সিদ্ধান্ত না নেয়, তাহলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং এর সম্পূর্ণ দায় সরকারের ওপর বর্তাবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ন্যায্য বেতন কাঠামো কোনো অনুগ্রহ নয়, এটি সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান ও আন্দোলন অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram