

মো: খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল-১ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) পৌর আমীর মাওলানা নওশের আলীর সভাপতিত্বে কালিয়া বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ শেষে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা অফিসে এসে শেষ হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনের প্রার্থী মোঃ ওবায়দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মোঃ মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরি জেলা সেক্রেটারি মোঃ তাজ মোহাম্মদসহ ১০ দলীয় জেলা উপজেলার নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলনের আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন। সমাবেশে দলীয় বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে নির্বাচনী বার্তা তুলে ধরা হয়।

