

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৬নং ওয়ার্ড ও ৭০ নম্বর ওয়ার্ডের এই ঘনবসতিপূর্ণ এলাকায় উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। এ এলাকার ভাঙাচোরা সরু রাস্তা, উপচে পড়া নোংরা পানি, দুর্গন্ধে ভারী পরিবেশ, অন্ধকার গলি ও চরম নিরাপত্তাহীনতার মধ্যেই প্রতিদিন কাটছে এখানকার মানুষের জীবন। ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই এলাকাবাসীর কাছে বৃষ্টি মানেই দুর্ভোগ, অসুস্থতা মানেই আতঙ্ক, আর কেউ মারা গেলে দাফনের পথটুকুও হয়ে ওঠে কষ্টের। নিয়মিত কর আদায় হলেও উন্নয়নের কোনো দৃশ্যমান ছাপ নেই। আশ্বাসের পর আশ্বাস এলেও বাস্তবতার চিত্র বদলায় না।
সরেজমিনে দেখা যায়, এলাকার ৬৫নং ওয়ার্ডের বাদশা মিয়া সড়ক সারা বছর পানিতে ডুবে থাকে। এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাসাবাড়িতে ব্যবহারিত পানি সড়কে এসে যায়। এ সড়কের পাশে দুটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। এছাড়া ৬৬নং ওয়ার্ডের বামৈল মাদবর বাড়ি সড়ক, বামৈল কেন্দ্রীয় মসজিদ সড়কসহ আরো কিছু সড়কের বর্তমান অবস্থা খুবই নাজুক।
অপরদিকে ৭০ নং ওয়ার্ডের দেইল্লার পশ্চিমপাড়ার অধিকাংশ অভ্যন্তরীণ সড়কের অবস্থাও অত্যন্ত নাজুক। রাস্তা কাঁচা, সংকীর্ণ ও খানাখন্দে ভরা। অনেক জায়গায় রাস্তাগুলো এতটাই সরু যে রিকশাও চলাচল করতে পারে না। ফলে বাসিন্দাদের পায়ে হেঁটেই যাতায়াত করতে হয়। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা অন্য যানবাহন এলাকায় প্রবেশ করতে না পারায় জীবনঝুঁকির আশঙ্কাও তৈরি হচ্ছে। পানি নিষ্কাশন ব্যবস্থার অবস্থাও শোচনীয়। এলাকার অভ্যন্তরীণ সরকারি খালটি দীর্ঘদিন পরিষ্কার না করায় ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পর্যাপ্ত ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় স্যুয়ারেজের নোংরা পানি বিভিন্ন স্থানে উপচে পড়ছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো কাদায় পরিণত হয়। চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ, বাড়ে মশার উপদ্রব। এতে ডায়রিয়া, চর্মরোগ ও জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। দ্রুত রাস্তা সংস্কার, ড্রেনেজ ও খাল পরিষ্কার, পর্যাপ্ত আলোকসজ্জা এবং আইনশৃঙ্খলা জোরদারের দাবি জানিয়েছেন তারা। তা না হলে জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ৬৬ নং ওয়ার্ড বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, বারবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। তবে স্থানীয়দের উদ্যোগে বিভিন্ন সময়ে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তুললেও কিছুদিন পরপরই এই সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ। তাই এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান করতে হবে।
দেইল্লা পশ্চিমপাড়ার বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, বছরের পর বছর ধরে আমরা অবহেলার মধ্যে আছি। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ভরে যায়। ছেলে-মেয়েরা স্কুলে যেতে গিয়ে পড়ে আহত হয়। নিজেদের টাকায় ইট বিছিয়ে কোনোমতে চলাচল করছি। তিনি আরও বলেন, নিজস্ব অর্থায়নে অস্থায়ী স্যুয়ারেজ লাইন বসানো হলেও সঠিক পরিকল্পনার অভাবে তা উল্টো দুর্ভোগ বাড়িয়েছে। অনেক সময় নোংরা পানি ঘরের ভেতরেও ঢুকে পড়ে।
মানবিক দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। এলাকায় কেউ মারা গেলে কবরস্থানে নেওয়ার মতো ভালো রাস্তা নেই। সরু ও ভাঙাচোরা রাস্তা দিয়ে মৃতের খাট বহন করতে গিয়ে স্বজনদের পড়তে হয় চরম দুর্ভোগে। বৃষ্টির সময় কাদামাখা রাস্তায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কাদির খান বলেন, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া যেমন কষ্টসাধ্য, তেমনি কেউ মারা গেলে দাফনের সময়ও আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।
এলাকায় বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থাও অপর্যাপ্ত। পর্যাপ্ত স্ট্রিটলাইট না থাকায় সন্ধ্যার পর বড় একটি অংশ অন্ধকারে ডুবে যায়। স্থানীয়দের অভিযোগ, এসব অন্ধকার এলাকা মাদক কেনাবেচা ও সেবনের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। রাস্তার বেহাল অবস্থার কারণে পুলিশ বা প্রশাসনের যানবাহন সহজে এলাকায় প্রবেশ করতে না পারায় মাদকসেবী ও বখাটেদের উৎপাত বাড়ছে।
এলাকার বাসিন্দা মাহাদি হাসান বলেন, এখানে প্রায় ১০ হাজার মানুষ চরম অবহেলার মধ্যে বসবাস করছেন। সিটি করপোরেশন নিয়মিত ট্যাক্স আদায় করলেও লাইট ছাড়া তেমন কোনো সেবাই দিচ্ছে না। তাও অধিকাংশ লাইট নষ্ট অবস্থায় পড়ে আছে। পর্যাপ্ত রাস্তা না থাকায় পুলিশও সহজে এলাকায় প্রবেশ করতে পারে না, ফলে অপরাধপ্রবণতা বাড়ছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৬ এর নির্বাহী প্রকৌশলী(পুর) মো. পারভেজ রানা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ওয়ার্ডভিত্তিক উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে উক্ত এলাকাতেও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
