

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের হরিরামপুর উপজেলার বেশিরভাগ খেটে খাওয়া দিনমজুরদের স্বচ্ছ ধারণা না থাকায় না বুঝেই হ্যাঁ-না ভোট দিতে পারেন। এখনো অনেকে সঠিকভাবে জানেই না গণভোট কি? গণভোটের প্রক্রিয়াটাই বা কিসের জন্য? শুধুমাত্র হরিরামপুর উপজেলাতেই শতাধিকের উপর বেশিরভাগ সাধারণ মানুষ ও ভোটাররা না বুঝেই না ভোটের পক্ষে এখনো অবস্থানে রয়েছে বলে বোঝা যাচ্ছে। তবে নির্বাচনের আগেরদিন পর্যন্ত গণভোটের স্বচ্ছ ধারণা সবার মাঝে পৌছে যাবে বলে প্রশাসন আর রাজনৈতিক ব্যক্তি ও কিছু মানুষ ধারণা করছে।
কিন্ত ভোটের মাঠ বলছে ভিন্ন কথা। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে সংস্কার তথা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংস্কারের কথা বললেও গণভোট নিয়ে প্রচার প্রচারণা তেমনটা নেই বললেই চলে। গণভোট প্রচারে সরকারের নানামুখী প্রচারের উদ্যোগ থাকলেও মাঠ পর্যায়ে এখনো তেমন প্রভাব পরেনি, ফলে সাধারণ মানুষের স্বচ্ছ ধারণা না থাকায় না বুঝেই হ্যাঁ-না ভোট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফলে না ভোটের পাল্লা ভারী হতে পারে এই উপজেলায়। নির্বাচনে অংশ নেয়া বেশ কয়েকজন প্রার্থী আর সমর্থকদের সামাজিক যোগাযোগ পর্যালোচনা করলেও দেখা যায়, গণভোটের পক্ষে বিপক্ষে কারো শক্ত অবস্থান নেই বললেই চলে। তবে কিছু কিছু কর্মী সমর্থকেরা গণভোটের পক্ষে শক্ত অবস্থান থাকলেও সেটা অপ্রতুল। আবার কিছু ভোটার ভোট কেন্দ্রে গিয়ে সিদ্ধান্ত নেবেন বলেও মতামত পাওয়া গেছে। মোট কথা বিশ্লেষণ করে দেখা গেছে, গণভোটে হ্যাঁ-না'র স্বচ্ছ ধারণা না থাকায় বেশিরভাগ ভোটারদের মধ্যে রয়েছে ধোয়াশা।
জেলা এবং উপজেলায় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, পুরো মানিকগঞ্জেই একই অবস্থা। বিভিন্ন পত্র-পত্রিকা আর সাধারণ মানুষের খুব কাছ থেকে এসব তথ্য উঠে আসে। বিভিন্ন হাট-বাজার, চা এর দোকান, পাড়া-প্রতিবেশিসহ সাধারণ মানুষের তথ্যমতে গণভোট কি, এখনো অজানা রয়েছে বেশিরভাগ সাধারণ মানুষের। আর বেশ কিছু সাধারণ মানুষের বক্তব্য, অতীতে একবার হ্যাঁ-না ভোট না হয়েছিলো, সেটিই নাকি আবার ফিরে এসেছে, তাই না বুঝেই তারা না ভোট দেবেন বলেও মন্তব্য রয়েছে অনেকেরই। গণভোটের প্রচারে উপজেলায় তেমনটা প্রচার প্রচারণা নেই বলে এখনো অবগত নয় বেশিরভাগ সাধারণ মানুষ। সরকারিভাবে উপজেলা রির্টার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয়া থাকলেও হাতেগোনা কয়েকজন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যরাও ভালভাবে গণভোটের ব্যাপারে বোঝে না এমনকি হ্যাঁ-না ভোটের প্রচারেও নেই বলে মন্তব্য পাওয়া গেছে। একই দিনে দুই ভোট, এটা অনেকে জানেন, কিন্ত জাতীয় নির্বাচনের ভোট প্রতীক দেখে দেবে, এটা জানা থাকলেও গণভোটে হ্যাঁ-না ভোট কিসের জন্য, সেটার সঠিক ধারণা না জেনেই কি সিদ্ধান্ত নেবেন সাধারণ মানুষ, সেটাই এখন দেখার বিষয়।
যাত্রাপুর গ্রামের রনি বলেন, হ্যাঁ-না ভোট কিসের, সেটাই তো জানিনা। এক জায়গায় দিমু, সেটা যেনেই যাক, যাক গা। আন্ধারমানিক গ্রামের ট্রলার চালক ফরহাদ বলেন, গণভোট সম্বন্ধে আপনার কাছে প্রথমে শুনলাম। এতোদিন জানতামই না যে দুইটা ভোট দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন দিনমজুর জানান, না ভোট দিমু। কি কারণে, কেন না ভোট দেবেন মর্মে জানতে চাইলে তিনি জানান, নির্বাচন পছন্দ হয়নি, তাই না ভোট দিমু। এর আগেও একবার হ না ভোট ওইছিলো, ওইডাই এইডার মত ওইবো।
ধুলশুরা ইউপি প্যানেল চেয়ারম্যান দ্বীজেন হালদার বলেন, উপজেলা থেকে আমাদের নির্দেশনা দিয়েছে। আমরা হ্যাঁ ভোটের পক্ষে কাজ করছি। হ্যাঁ ভোটের প্রচারণায় আমরা চেয়ারম্যান মেম্বারেরা যথেষ্ট অবগত আছি।
উপজেলার বলড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুসনেআরা বেগম বলেন, গণভোট সম্পর্কে আমার ধারণা আছে। তবে হ্যাঁ অথবা না কোন পক্ষেই আমরা কাজ করতে পারতেছি না, শুনতেছি আমাদের নাকি প্রচার করা যাবেনা। স্যারেরা আসছে, উঠান বৈঠক করছে, আমরা চেয়ারম্যান, মেম্বররা কোন পক্ষে যামু, সেটা জানিনা। আমাদের তেমনটা নির্দেশনা দেয়নি কেউ।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি, আশা করি ১২ তারিখের যে ভোটের দিন, তার আগেই আমরা পৌছে যেতে পারবো। বিষয়টি একেবারেই নতুন, এখন ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে তাদের কাছে পৌছানোর চেষ্টা করা হচ্ছে। আশা করি পৌছে যাবো, আপনাদের যার যার অবস্থান থেকে প্রচার চালালে আমরা সবার কাছে পৌছাতে পারবো।
