

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি পেশাদার ও রাজনৈতিকভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ির বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সদরদপ্তরে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ।
তিনি বলেন, নির্বাচন উপলক্ষে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ভোটাররা যেন ভীতিহীন পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি কাজ করবে। নির্বাচন ঘিরে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি দায়িত্ব পালন করবে, যার মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে বাহিনীটি।
এরই অংশ হিসেবে খাগড়াছড়ি সেক্টরের অধীন দুই জেলা ও ছয় উপজেলার দুইটি সংসদীয় আসনের ১৩৮টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দীঘিনালা উপজেলার ৩০টি ভোটকেন্দ্রে পাঁচ প্লাটুন দায়িত্ব পালন করবে, সঙ্গে থাকবে দুই প্লাটুন রিজার্ভ ফোর্স।
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, ভোটকেন্দ্র পরিদর্শন, ড্রোন নজরদারি, ঝুঁকি মূল্যায়ন, মহড়া ও সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রয়োজনে কুইক রেসপন্স ফোর্স (QRF), কে-৯ ডগ স্কোয়াড, RAT ও হেলিকপ্টার ব্যবহারের প্রস্তুতিও রয়েছে। বিজিবি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন- পরবর্তী সময়ে জনগণের আস্থা বজায় রেখে দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যাটালিয়ন অধিনায়ক।

