

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ-৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করেছে, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা গেলে দেশ বড় ক্ষতির মুখে পড়বে। স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তিকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার দুপুরে সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামে পীরজাদা মোশারফ হোসেন চাঁনশাহর বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে আয়োজিত এক সমাবেশে কয়েক হাজার ভোটারের উপস্থিতিতে এসব কথা বলেন আফরোজা খানম রিতা।
সমাবেশে তিনি বলেন, সাটুরিয়া উপজেলায় বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটের জোয়ার বইছে। ধানের শীষে ভোট দিলে দেশে আবার শান্তি ফিরে আসবে এবং উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হেলথ কার্ড, কৃষি কার্ড এবং নারীদের জন্য বিশেষ কার্ড চালু করা হবে। পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তরুণ ভোটারদের উদ্দেশে আফরোজা খানম রিতা বলেন, আগামী দিনের নেতৃত্বে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিজেদের ভবিষ্যৎ গড়তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে যেসব মাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেগুলোর সঙ্গে একটি বিশেষ গোষ্ঠী জড়িত। তারা ক্ষমতায় এলে দেশে একটি মাজারও নিরাপদ থাকবে না। ধর্মকে ব্যবহার করে এবং ইসলামের দোহাই দিয়ে ভোট চাওয়ার বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনার সুযোগ দেওয়ার অনুরোধ জানান বিএনপির এই প্রার্থী।
অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী পীরজাদা মোশারফ হোসেন চাঁনশাহ বলেন, মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া নিয়ে গঠিত ৩ নম্বর আসনটি রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটি ভবিষ্যতে সম্ভাবনাময় শিল্প এলাকা হিসেবে গড়ে উঠতে পারে। পাশাপাশি শাকসবজি ও কৃষিপণ্য উৎপাদনে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সমাবেশ শেষে তিনি নারী-পুরুষ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। পরে তিনি ভাটারা বাজারে কৃষক দলের আয়োজিত জনসভায় অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, শাহীন আজাদ বিপ্লব, শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মহসিনউজ্জামান মহসিন, যুবদলের আহ্বায়ক আমীর হামজা এবং কৃষক দলের সভাপতি মো. বরকত মল্লিক।
