

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলায় ফসলি জমি নষ্ট করার অভিযোগে একটি ঘোড়াকে গাছে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করার খবর পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে একটি ঘোড়া লালপুর গুচ্ছগ্রাম এলাকায় ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা ঘোড়াটির পা বেঁধে এবং গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। দীর্ঘক্ষণ ঝুলে থাকার পর ঘোড়াটি মারা যায়।
পশুর প্রতি এমন চরম নির্মমতার ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে এই ঘটনাকে 'মধ্যযুগীয় বর্বরতা' হিসেবে আখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ (পিপিএম)-এর নির্দেশে সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার এসআই ফরিদ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং এই অমানবিক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে থানায় নিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই ফরিদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। পশুর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আমরা একজনকে আটক করেছি এবং অন্যদের শনাক্ত করার চেষ্টা করছি।
এলাকাবাসী বলছেন, অবলা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। ফসল নষ্ট করলে তার বিকল্প প্রতিকার থাকতে পারত, কিন্তু এভাবে হত্যা করা কোনোভাবেই কাম্য নয়।
