ঢাকা
logo
প্রকাশিত : January 26, 2026

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতারের চেষ্টাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

একই সময় হামলাকারীরা পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস, এসআই মমিনুল ও কনস্টেবল হোসেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ ১৪ বছর আগে জামায়াত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বাবার নাম মৃত জুলফিকার মাহমুদ খসরু।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোলাপকে গ্রেফতারের জন্য রাতে পুলিশ তার বাড়িতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ঘরের ভেতরে অবরুদ্ধ করে মারধর করেন এবং পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করেন। এতে চার পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এ সময় এলাকায় সেনাবাহিনীও টহল দেয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছে এবং পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা পালিয়ে গেছে। চেয়ারম্যান গোলাপসহ জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০১৪ সালে জামায়াত কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং হত্যা চেষ্টার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার দীর্ঘ ১১ বছর পর ২০২৪ সালের ১৪ নভেম্বর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা নুরুন্নবী প্রধানের ছেলে তাহারাত তানভীর প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram