

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে দ্রুতগামী যানবাহনের ধাক্কায় প্রাণ হারিয়েছে একটি শিশু বানর। রোববার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একদল বানর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ি একটি ছোট বানরকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বানরটি মারা যায়। সরেজমিন দুপুর সাড়ে ১২ টায় দেখা যায়, শিশু বানর মৃত্যুর পর মা বানরটির কান্না এতোটাই করুণ ছিল যে, গাছের এ ডাল থেকে সে ডালে লাফালাফি করছে, যেন সান্ত্বনা দেয়ার কেউ নেই।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া এই সড়ক ও রেলপথ বন্যপ্রাণীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বন বিভাগের নিষেধাজ্ঞা এবং গতিরোধক থাকা সত্ত্বেও চালকরা নির্ধারিত গতিসীমা (ঘণ্টায় ২০ কিমি) অমান্য করে গাড়ি চালান। ফলে প্রায় সময়ই চশমা পরা হনুমান, বানর, মেছোবাঘ ও অজগরের মতো বিরল প্রজাতির প্রাণীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একজন কর্মকর্তা জানান, আমরা বারবার চালকদের সচেতন করার চেষ্টা করছি। কিন্তু বনের ভেতরে গাড়ির গতি নিয়ন্ত্রণ না করলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা কঠিন।
বিষয়টি সম্পর্কে লাউয়াছড়া বিট কর্মকর্তা মারযোগ হোসেন জানান, দ্রুতগামী গাড়ীর ধাক্কায় শিশু বানরটির মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বানরটির মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যানবাহন চলাচল সীমিত করার অথবা বিকল্প সড়ক তৈরির দাবি জানিয়ে আসছে। তাদের মতে, বনের ভেতরের এই রাস্তায় যদি কঠোরভাবে গতি নিয়ন্ত্রণ না করা হয়, তবে অচিরেই লাউয়াছড়া তার জীববৈচিত্র্য হারাবে।
