

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তর্তিপুর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই স্নান চলে।
চন্দ্র মাসের তারিখ হিসাবে প্রতি বছর উত্তরাঞ্চলের হিন্দু সম্প্রদায় জেলার শিবগঞ্জ উপজেলার তর্তিপুর এলাকায় পৌরাণিক জাহ্নুমুনির আশ্রমের কাছে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। এই গঙ্গাস্নান প্রতি বছরের মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বান্নী স্নান বলা হয়।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়াসহ বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিতে আগের দিন থেকেই জাহ্নুমুনির আশ্রমে আসতে শুরু করেন। সকালে স্থানীয় গঙ্গাস্নান পর্ব শেষ করে ভুরিভোজ করে থাকেন পুণ্যার্থীরা।
এদিকে, গঙ্গাস্নান উপলক্ষে দিনব্যাপী মেলায় প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, পূজা এবং পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয়। গঙ্গাস্নানকে ঘিরে গোটা তর্তিপুর এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়।
তর্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী জানান, পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম তীর্থস্থান তর্তিপুর গঙ্গাস্নানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা স্নানকার্য সম্পন্ন করেন। এ স্নান করলে মানবজীবনের পাপমোচন ও অকল্যাণ দূর হয়। এ বছর প্রায় ৫০ হাজার ভক্তের সমাগম ঘটে বলে জানান আয়োজকরা।
