

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: নির্বাচনে প্রার্থী হওয়ার অনেক আগের একটি শুভেচ্ছা পোস্টারই কাল হয়ে দাঁড়াল গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ফারুক হাসানের জন্য। ঠাকুরগাঁও-২ আসনের এই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজার এলাকায় টহলকালে কয়েকটি রঙিন পোস্টার চোখে পড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান আলীর। তিনি ওই আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পোস্টার সাঁটানোর দায়ে জরিমানা করা হয় ফারুক হাসানকে।
জরিমানার বিষয়ে ফারুক হাসান বলেন, পোস্টারগুলো কোনো ভোট চাওয়ার উদ্দেশ্যে লাগানো হয়নি। সেগুলো প্রায় এক বছর আগের শুভেচ্ছা পোস্টার। তাঁর দাবি, মাত্র দুই-একটি পোস্টার দেখিয়ে তাঁকে জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। ফারুক হাসানের অভিযোগ, ঠাকুরগাঁও-২ আসনের বিভিন্ন এলাকায় এখনো বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের রঙিন পোস্টার টানানো থাকলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর ভাষায়, আমার ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বিষয়টিকে নির্বাচনকালীন কঠোর নজরদারির অংশ হিসেবে দেখছেন, আবার কেউ প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন।
