

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় বেপরোয়া বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন একজন নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় এমএম সরকারি ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত ঘাতক চালক ও চালকের সহকারী পলাতক রয়েছে।
জানা গেছে, রবিবার ভোরে জয়পুরহাট জেলা থেকে আসা বালুবাহী কয়েকটি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে উপজেলার আত্রাই নদীতে বালু নেয়ার জন্য যাচ্ছিলো। পথে আমাইতাড়া বাজারে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চা স্টলের উপর দিয়ে এমএম ডিগ্রী কলেজের সীমানা প্রাচীর ভেঙ্গে কলেজ মাঠে ঢুকে পড়ে। এতে রাস্তার পাশে ওই চায়ের দোকানে শুয়ে থাকা অজ্ঞাত একজন মানসিক ভারসাম্যহীন নারী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মুত্যু হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।
