ঢাকা
logo
প্রকাশিত : January 25, 2026

স্কোয়াশ চাষে সফলতা পেয়েছেন বাহুবলের কৃষক সেলিম মিয়া

সাব্বির হোসেন, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: থাইল্যান্ড ও ভিয়েতনামে পরিচিত বিদেশি সবজি স্কোয়াশ চাষ করে সফলতা পেয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার কৃষক সেলিম মিয়া। প্রথমবার চাষ করেই তিনি যেমন ভালো ফলন পেয়েছেন, তেমনি হয়েছেন আর্থিকভাবে লাভবান। তাঁর এই সাফল্য দেখে উপজেলার অন্যান্য কৃষকরাও স্কোয়াশ চাষে আগ্রহী হয়ে উঠছেন।

বাহুবল উপজেলার ৫ নম্বর লামাতাশি ইউনিয়নের তঘলি গ্রামের বাসিন্দা সেলিম মিয়া দীর্ঘদিন ধরে ঝিঙ্গা, লাউ, মূলা, টমেটো, বাঁধাকপি ও ফুলকপিসহ বিভিন্ন সবজি চাষ করে আসছেন। চলতি শীত মৌসুমে উপজেলা কৃষি বিভাগের পরামর্শে পরীক্ষামূলকভাবে তিনি স্বল্প পরিসরে স্কোয়াশ চাষ শুরু করেন।

সেলিম মিয়া জানান, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম তাঁকে স্কোয়াশ চাষে উৎসাহ দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাঁর পরামর্শ অনুযায়ী বীজতলায় চারা তৈরি করে পরে জমিতে রোপণ করা হয়। প্রায় দেড় মাসের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। গাছের বৃদ্ধি ও ফলন অনেকটা মিষ্টি কুমড়ার মতোই।

তিনি আরও জানান, প্রায় ১৩ শতক জমিতে স্কোয়াশ চাষ করেছেন। জমি প্রস্তুত ব্যতীত বীজ, সার ও কীটনাশকের জন্য আলাদা কোনো খরচ করতে হয়নি। এসব উপকরণ কৃষি অফিস থেকে সরবরাহ করা হয়েছে। ইতোমধ্যে কিছু স্কোয়াশ বিক্রি করেছেন এবং পুরো মৌসুমে ওই জমি থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হবে বলে আশা করছেন।

দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, ‘পরামর্শ ও তত্ত্বাবধানের মাধ্যমে আমরা কৃষক সেলিম মিয়াকে সহায়তা করেছি। তিনি স্কোয়াশ চাষ করে লাভবান হয়েছেন। তাঁর সাফল্য দেখে অন্য কৃষকরাও এই সবজি চাষে আগ্রহ দেখাচ্ছেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, স্কোয়াশ একটি বিদেশি সবজি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে এ বিষয়ে ধারণা তুলনামূলক কম। তবে যাঁরা ইতোমধ্যে চাষ করেছেন, তাঁরা সবাই সফল হয়েছেন। তাঁদের দেখাদেখি অনেক কৃষক পরামর্শ নিতে কৃষি অফিসে আসছেন। স্কোয়াশ চাষ লাভজনক হওয়ায় আগামী মৌসুমে ব্যাপক আকারে এই সবজি চাষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ব্রকলি, ক্যাপসিকাম ও রেড ক্যাবেজসহ অন্যান্য বিদেশি সবজি চাষেও কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান।

পুষ্টিগুণের দিক থেকেও স্কোয়াশ অত্যন্ত সমৃদ্ধ বলে জানান কৃষি কর্মকর্তা। তিনি বলেন, সাধারণ কুমড়ার মতো ব্যবহার হলেও স্কোয়াশে পুষ্টিগুণ বেশি। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই, বি-৬, নায়াসিন, থায়ামিন, ফলিক অ্যাসিডসহ বিভিন্ন খনিজ উপাদান। ডায়াবেটিস, হৃদ্‌রোগ ও ক্যানসার রোগীদের জন্য এই সবজি উপকারী। নিয়মিত স্কোয়াশ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি থেকে শরীরকে সুরক্ষা দেয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram