

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজের পর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে অফিসের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।
গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক শাখার পাশেই তার বাসা। হঠাৎ জানালা দিয়ে ব্যাংকের ভিতরে আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় তিনি দেখতে পান ব্যাংকের জানালা ভাঙা এবং ভিতরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজনকে ডেকে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
ডৌহাখলা শাখা ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোন পেয়ে দ্রুত ব্যাংকে আসেন। শুনেছি জানালা ভাঙা ছিল। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সরেজমিন তদন্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের খোঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। তিনি আরও জানান, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাগণ থানায় আছেন। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
