

কক্সবাজার প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ থেকে দৃঢ় ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) সকাল ১১টায় কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সামনে আসছে। এসব বিষয়ে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা অপরিহার্য।
তিনি আরও বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান তিনি। একই সঙ্গে মাগুরায় সিসিটিভি স্থাপনের পর তা ভেঙে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করে ড. আযাদ বলেন, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নিরীহ মানুষদের হয়রানি বন্ধেরও দাবি জানান তিনি।
গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। নির্বাচনের সময় জনগণ যেন সঠিক তথ্য পায় এবং ভোটপ্রক্রিয়া স্বচ্ছ থাকে, সে বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে তিনি আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের নির্বাচনী সফরের ঘোষণা দেন এবং এই সফর সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।
এ সময় জেলা জামায়াতের সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

