

কক্সবাজার প্রতিনিধি: বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “যারা ভারতের পক্ষে রাজনীতি করেছে, তারা ভারতে পালিয়ে গেছে। দেশে এখন আরেকটি শক্তি রয়েছে, যারা বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে।”
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে তার পরিণতি সবার জন্যই ভয়াবহ হবে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই নেতা।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে এসেছে। শহীদদের আত্মত্যাগের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

