

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এবার ডাকাতের গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ডাকাতের গ্রাম নামে খ্যাত মর্দাসাদী গ্রামের গফুরের মেয়ে সেলিনার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।
রাত দুটার দিকে ১০/১৫ জনের মুখোশধারী একদল ডাকাত সেলিনার ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ টাকা, দুই ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুটে নিয়ে যায় ডাকাত দল। এ মর্দাসাদী গ্ৰামের মানুষ ডাকাত বলে বিগত সরকারের আমলে এ গ্ৰামের নাম পরিবর্তন করে রাখা হয় শান্তিপুর। কিন্তু শান্তিপুরে এখন অশান্তি শুরু হয়েছে। এ গ্ৰামের ডাকাতরা কখনো তাদের নিজের গ্ৰামে ডাকাতি করতনা। কিন্তু বর্তমানে এ ডাকাতির ঘটনায় আড়াইহাজারের মানুষ হতবাক হয়ে পড়েছে। এমনিতেই উপজেলার সব এলাকায় ডাকাতির ঘটনায় আতঙ্কিত রয়েছে জনগণ। তার মাঝে এবার ডাকাতের নিজের গ্রামে ডাকাতির ঘটনায় পুরো উপজেলাবাসী আতঙ্কিত।
এলাকাবাসী জানান, প্রতি রাতে পুলিশের টহল জোরদার করা না হলে ডাকাতির ঘটনা অস্বাভাবিক হার বেড়ে যেতে পারে। তবে ডাকাতি রোধে আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন প্রতিনিয়ত এলাকায় ঘুরে আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন। এলাকায় পাহারা দেওয়ার জন্য জনগণকে সতর্ক করছেন। এ ডাকাতির ঘটনায় তিনি বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালামাল উদ্ধার এবং ডাকাত চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

