

মো. হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরা এলাকায় স্ট্রিট ফুডের ব্যবসায় সফলতা পেয়েছেন অনেকেই। স্বল্প বিনিময়ে ছাত্র-ছাত্রী, বেকার যুবক ও গৃহিণীসহ অনেকেই যুক্ত হচ্ছে এ ব্যবসায়। 'স্ট্রিট ফুড’ বলতে আমরা সহজ বাংলায় ‘রাস্তার খাবার’ কেই বুঝি। নানা অভিযোগ উপেক্ষা করে এই রাস্তার খাবারই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। রাস্তার পাশে ঝকঝকে চকচকে দৃষ্টিনন্দন একেকটি ছোট্ট ঘর হয়ে উঠছে মুখরোচক খাবারের কেন্দবিন্দু। তাই এই বাহারি ‘স্ট্রিট ফুড’ খেতে বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত ভিড় জমে।
বাহারি স্ট্রিট ফুডের চাহিদা জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। এক সময় মানুষ শুধু চা বিস্কুট খেতে রাস্তার পাশে দোকানে যেত। এখন সড়কে দুপাশে টং দোকান বসিয়ে বিভিন্ন রকমের চায়ের পাশাপাশি চাপ, ফুচকা, চটপটি, ঝালমুড়িসহ বিভিন্ন রকমের মুখরোচক ষ্ট্রিট ফুড পাওয়া যায়। ডেমরার বিভিন্ন এলাকায় বিকাল থেকে রাত পর্যন্ত বিক্রি হয় বিভিন্ন রকমের মুখরোচক খাবার। তুলনামূলক কম দাম বলেই তরুণ থেকে সকল বয়সের মানুষের কাছে এখানের স্ট্রিট ফুডের জনপ্রিয়তা বেড়েই চলেছে।
স্ট্রিট ফুডের জন্য ডেমরার কোনাপাড়া, সামসুল হক খান স্কুল রোড, ডগাইর শাপলা চত্বর, বড় ভাঙ্গা, হাজিনগর এলাকার দোকানগুলোর খাবার বেশি জনপ্রিয় হওয়ায় সকাল থেকে সন্ধ্যা, এমনকি মধ্য রাত পর্যন্ত ঐ এলাকায় সরগরম থাকে স্ট্রিট ফুড-প্রেমীদের ভিড়ে।
কাঁচঘেরা ছোট্ট ‘স্ট্রিট ফুড’ দোকানে হাতে গ্লাভস পরে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই পরিবেশন করা হয় খাবার। ছোট বড় যে কোনো রেস্টুরেন্ট থেকে তুলনামূলক কম দামে চোখের সামনেই তৈরি করা গরম গরম মজাদার বিভিন্ন রকমের খাবার মন কাড়ে ডেমরাবাসীর। অপরদিকে এ ব্যবসার সঙ্গে জড়িতরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। ফলে ইদানিং এই ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন উচ্চশিক্ষিত তরুণ-তরুণী থেকে শুরু করে অনেকেই। স্ট্রিট ফুডের নাম জিজ্ঞাসা করলে আমরা পিঁয়াজু, মুড়ি, চানাচুর মাখাতেই আটকে যাই। কিন্তু এখন কত পদের খাবার বিক্রি হয়, তার কোনো হিসাব নেই। শরবত বিক্রি হয় একাধিক প্রকারের। চিকেন ফ্রাই থেকে শুরু করে পিজ্জা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। বিভিন্ন রকমের আঁচার, সিদ্ধ ডিম, বিভিন্ন আইটেমের পিঠা, হালিম, মুড়ি ভর্তা, ফুচকা, ছোলা, চটপটি, চাপ থেকে শুরু করে চা কিংবা কফি প্রায় সব রকমের খাবার পাওয়া যায় স্ট্রিট ফুডের দোকানে। স্কুল কলেজ পড়ুয়া তরুণ প্রজন্মের সান্ধ্যকালীন আড্ডাস্থল স্ট্রিট ফুডের দোকান।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শনির আখড়া, মাতুয়াইল, কোনাপাড়ার অটোস্ট্যান্ড, শাহজালাল রোড, আলআমিন রোড, ফার্মের মোড়, সামসুল হক খান স্কুল রোড, ডগাঈর শাপলা চত্বর, বড়ভাঙ্গা, সারুলিয়া, হাজিনগর, শীতলক্ষ্যা নদীর নৌকা ঘাট, আমুলিয়া মডেল টাউন, ষ্টাফ কোয়ার্টারসহ ডেমরা বিভিন্ন এলাকায় বিকেল থেকে স্ট্রিট ফুডের দোকান খুলে বিক্রি শুরু করে। তবে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ঐ সকল দোকানে ভিড় লেগেই থাকে। বিপদজনক জেনেও এসব দোকানগুলোতে প্রতিনিয়ত বাড়ছে খাবার প্রিয় মানুষের সংখ্যা। কেউ দাঁড়িয়ে কেউবা বসে খাবার খাচ্ছেন, কেউবা আবার অপেক্ষায়। কি নেই এসব স্ট্রিট ফুডশপে। প্রতিনিয়তই মানুষের কাছে বৃদ্ধি পাচ্ছে ভাসমান দোকানের তৈরি খাবারের চাহিদা। তৈরি হচ্ছে সম্ভাবনাময় ব্যবসার পরিসর।
এমনই একটি লাভজনক ব্যবসা ফুড কার্ট বা খাবারের গাড়ি। এটি ক্রমশ জনপ্রিয় হচ্ছে ক্রেতা ও উদ্যোক্তা উভয় পক্ষের কাছে। বিশেষ করে নারী ও স্বল্পপুঁজির মানুষের আয়ের ক্ষেত্র তৈরিতে সম্ভাবনাময় হয়ে উঠছে ফুড কার্ট ব্যবসা। তাই স্ট্রিট ফুড শুধু আমাদের মুখরোচক খাবারের স্বাদই দিচ্ছে না, পাশাপাশি বিভিন্ন বয়সের বেকার শ্রেণির কর্মসংস্থানও হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, খেতে উপাদেয় বা মুখরোচক হলেও কিছু কিছু স্ট্রিট ফুড অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত ও পরিবেশিত হয় বলে বিভিন্ন জটিল ও মারাত্মক রোগ সৃষ্টি করে। তাই এ ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী সাবিব বলেন, বন্ধু বান্ধব নিয়ে এসেছে মুখরোচক এসব খাবারের স্বাদ নিতে। তিনি বলেন, অন্যান্য জায়গার তুলনায় এখানে তুলনামূলক কম দামে এবং ভালো মানের এসব খাবার পাওয়া যায়। এখানে গরুর শিক কাবাব বেশ মজাদার, দাম একটু বেশি হলেও খেতে ভারি মজা।
ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী আয়েশা বলেন, খাবার মজাদার হলেও অধিকাংশ দোকানদার ২/৩ দিন আগের পোড়া তেল দিয়ে ভাঁজা হয় খাবার। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
হাজিনগর এলাকার দোকানদার তানভীর জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে বেচাকেনা। করোনার সময় কয়েকমাস ব্যবসা খারাপ ছিল আমাদের। কিন্তু এখন মোটামুটি ভালোই। এখন ২ জন স্টাফ নিয়ে ভালোই চলছে আমার এই ভাসমান স্ট্রিট ফুড ব্যবসা। তিনি জানান, খাবার পণ্য ক্রয় ও স্টাফদের হাজিরা দিয়ে ২৫০০ টাকার মতো আয় হয়। এখানকার আরেক দোকানদার রিফাত বলেন, আমাদের এখানে মধ্যবয়সী ক্রেতা বেশি। এছাড়া স্টুডেন্টরা বেশি আসে। তবে এখানকার তৈরীকরা এসব খাবার কতটুকু স্বাস্থ্যসম্মত তার সঠিক উত্তর দিতে পারেননি কেউ।
বড়ভাঙ্গা এলাকায় দেখা যায় বড় কাচের তৈরি একটি ভ্যান গাড়িতে বিভিন্ন আইটেমের আচার থরে থরে সাজানো দেখা যায়। আচার সম্পর্কে জানতে চাইলে দোকানি বলেন- পানি, চিনি, লেবু, তোকমা, পেঁপে, আপেল, ট্যাং ও রুহ আফজা। এখানে রুহ আফজা অপশনাল। ইচ্ছা হলে খাবেন, না হলে নেবেন না। তিনি বলেন রুহ আফজা নিলে দাম একটু বেশি দিতে হবে। তবে শীত থাকায় বেচা বিক্রি হচ্ছে না।
ষ্টাফ কোয়ার্টার এলাকায় রবিন নামের চা বিক্রেতা বলেন, নয় ধরনের চা তৈরি করা হয় তার দোকানে। শীতের মৌসুম থাকায় চা খেতে আসার লোক অনেক বেশি। দৈনিক আয় হয় ২ হাজার থেকে ৩ হাজার টাকা।
এ বিষয়ে তেজগাঁও সার্কেলের থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী মোঃ ওমর ফারুক জানান, ষ্ট্রিট ফুডের দোকানের খাবার যদি অপরিষ্কারভাবে তৈরি করা হয় সেক্ষেত্রে ডায়রিয়া, আমাশয়, কলেরা, টাইফয়েড, ফুড পয়জনিং, গ্যাস্ট্রিক, জন্ডিস ও এলার্জিসহ নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি করে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
