

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ বলেছেন, ‘নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। এ বিষয়ে জনগণ সচেতন রয়েছেন।’ আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কার্যক্রম বিষয়ক এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বজলুর রশীদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অতীতেও এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশা করি আগামীতেও ঘটবে না। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী একসঙ্গে মাঠে অংশ নিবে। ইতোমধ্যেই বিজিবি ও সেনাবাহিনী মাঠে নেমেছে। কয়েকদিনের মধ্যে তারা একেবারেই গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়লে নিশ্চয় জনগণের মাঝে নিরাপত্তাবোধ চলে আসবে।’
এ সময় বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই, তারা নিরাপদে ভোট দিতে যেতে পারবেন এবং তার ভোট তিনিই দিতে পারবেন ও তার ভোট গণনায় আসবে। এ নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে। তবে সুন্দর ভোট আয়োজনে সবার সহযোগিতা প্রয়োজন। প্রশাসন এ বিষয়ে নিরপেক্ষ ও প্রস্তুত রয়েছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকেই ভুয়া সংবাদ প্রচার করার চেষ্টা করছেন জানিয়ে বজলুর রশীদ বলেন, ভুয়া সংবাদ জনমনে বিভ্রান্তি তৈরি করে। সংবাদকর্মীদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘এবার একসঙ্গে দুটি নির্বাচন হচ্ছে। এমপি নির্বাচনের পাশাপাশি ভোটাররা গণভোটেও অংশ নেবেন। যারা পড়তে পারেন না, তারা অন্য ভোট যেমনভাবে প্রতীক দেখে সিল দেন, তেমনি হ্যাঁ/না ভোটেও প্রতীক থাকবে। গণভোটে হ্যাঁ-এর পাশে টিক চিহ্ন দেয়া আছে, এটিই তার প্রতীক। আর না-এর পাশে ক্রস চিহ্ন দেয়া আছে, এটিই না-এর প্রতীক। বিষয়টি সব শ্রেণি-পেশার মানুষকে বোঝাতে বিভিন্ন উপায়ে প্রচারণা চালানো হচ্ছে।’
বিভাগীয় কমিশনার আরও বলেন, গণভোটে টিক চিহ্নের পাশে ভোট দিতে প্রচারণা চালানো হচ্ছে। আমরা খুবই আশ্বস্ত ও আনন্দিত হয়েছি, জনগণ এটি ভালোভাবে নিয়েছে। কারণ এটি শতাব্দীর একটি বড় সুযোগ; সংস্কার করার ও দেশকে পরিবর্তন করার এবং রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেয়ার। এক্ষেত্রে গণভোটের পক্ষে প্রচারণায় গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
