

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ভাসমান তেল ডিপো পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে সর্বস্তরের জনগণের গণস্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ গণস্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্রহ্মপুত্র তীরে থাকা ভাসমান তেল ডিপো দুটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে বেলা ১১টা থেকে ৩ টা পর্যন্ত চার ঘন্টাব্যাপী অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে সর্বস্তরের সাধারণ জনগণের পাশাপাশি অংশ নেন, রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সহ-সভাপতি সাহেদ আলী, প্রচার সম্পাদক আজাদ মিয়া, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ বাচ্চু, মমিনুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক আবু হানিফা, সাংবাদিক নজরুল ইসলাম সাবু প্রমুখ।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে যমুনা ও মেঘনা নামে দুটি ভাসমান তেল ডিপো জ্বালানি তেল সরবরাহ করে এলাকার জ্বালানি চাহিদা পূরণ করে আসছিল। হঠাৎ অজানা কারণে নদের নাব্যতা সংকট দেখিয়ে ডিপো দুটিতে গত ৬ বছর ধরে তেল সরবরাহ বন্ধ রাখা হয়। এতে আসন্ন বোরো মৌসুমে এলাকায় জ্বালানি সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে। ভাসমান ডিপো দুইটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে সর্বস্তরের জনগণের গণস্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

