

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে গত রবিবার ভোররাতে মাইক্রোবাস চালক মাহাবুল আলম হত্যার ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে জড়িত ৫ আসামিকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে হাটহাজারী মডেল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর মুন্সী ফকির বাড়ীর জাফর উল্লাহর পুত্র মোঃ সোহেল (প্রকাশ) শাহজাহান (২৮), পৌরসভার ২নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর ভোলা গাজীর বাড়ীর মোঃ সিরাজুল হকের পুত্র মোঃ আব্দুল মান্নান (৪২), ৩নং ওয়ার্ড শায়েস্তা খাঁ পাড়া, তজু মিয়া ড্রাইভার বাড়ীর মৃত এজাহার মিয়ার পুত্র মোঃ নাছির উদ্দিন (প্রকাশ) মিন্টু (৩৬ই, একই বাড়ির কবির আহাম্মদের পুত্র মোঃ জাহেদ (২৮) এবং পার্শ্ববর্তী রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়ন ২নং ওয়ার্ড দক্ষিন সর্তা গ্রামের আব্দুস সাত্তার চৌধুরী বাড়ির আজিম উদ্দিনের পুত্র মোঃ সোহেল (২৮)।
পুলিশ জানায়, গত রবিবার (১১ জানুয়ারি) ভোর রাত ৪টা ১৫ মিনিট হতে ৪টা ৪৫ মিনিটের মধ্যে হাটহাজারী পৌরসভাস্থ ওয়াপদা গেইট সংলগ্ন হাটহাজারী টু রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের কলাবাগান কার-মাইক্রো স্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন ভবন আলাওল পাবলিক হলের সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ভিকটিম মৃত মাহবুব আলম (৩৫) কে এলোপাথারী ছুরিকাঘাত করে। হাসপাতালে নেয়ার পথে মাহবুব আলম (৩৫) এর মৃত্যু হয়। তিনি হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড আজিমপাড়ার মৃত আব্দুন নবীর পুত্র।
এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ রহিম (৪৩) বাদী হয়ে ১২ জানুয়ারি অজ্ঞাতনামা আসামীদের নামে মামলা (নং-৬) দায়ের করেন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে হাটহাজারী মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে আটক করে। তাদরেকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

