

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ভুয়া নামজারি কাগজপত্র ব্যবহার করে জমি রেজিস্ট্রি করার চেষ্টার সময় তিনজনকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রাজু, মৃদুল ও বাবুল। আজ সোমবার (১২ তারিখ) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে জাল নামজারি ও ভুয়া দলিল তৈরি করে অন্যের জমি নিজেদের নামে রেজিস্ট্রি করার চেষ্টা করে আসছিল। ভূমি অফিসে নামজারি চেক করতে গেলে ভুয়া কাগজপত্রসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে জাল নামজারি সনদ, নকল দলিল, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন কাগজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
চক্রটি পরিকল্পিতভাবে ভূমি মালিকদের অজান্তে নামজারি জাল করে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করছিল। তদন্তের মাধ্যমে এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দলিল লেখক কাওসার আহমেদের দোকান সিলগালা করা হয়েছে। অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

