

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিক্ষার্থীরা।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কালাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কালাই উপজেলাবাসী ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে কর্মসূচিটি শান্তিপূর্ণ হলেও ছিল দৃঢ় প্রতিবাদের বার্তা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার একজন সংগঠক। তার হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং সমাজের বিবেককে হত্যার শামিল। এ হত্যার বিচার দীর্ঘায়িত হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে বলেও তারা উল্লেখ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, “বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের সাহসী করে তুলছে। যদি দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে ভবিষ্যতে এমন অপরাধ আরও বাড়বে। আমরা আর কোনো শহীদ দেখতে চাই না।”
বক্তারা আরও দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রকার গাফিলতি বা প্রভাব বিস্তার চলবে না।
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন। একই সঙ্গে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ ঘটনায় কালাই এলাকায় জনমনে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা আরও জোরালো হয়ে উঠেছে।

