

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানের সঙ্গে মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে তুহিন (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে।
জানা যায়, নিহত তুহিন সকালে মোটরসাইকেল যোগে জোড়দিঘী হতে সখীপুর আসার পথে সখীপুরের কচুয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় তুহিন গুরুতর আহত হলে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন পিপিএ বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। বাকি আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

