ঢাকা
logo
প্রকাশিত : January 8, 2026

মৌলভীবাজারের কমলগঞ্জে হিমাগার নেই, হতাশ কৃষকরা

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের অন্যতম প্রধান কৃষিনির্ভর উপজেলা কমলগঞ্জ। কৃষি ভাণ্ডার হিসেবে পরিচিত এই উপজেলায় প্রতি বছর রেকর্ড পরিমাণ আলু, টমেটো ও বিভিন্ন মৌসুমি সবজি উৎপাদিত হয়। কিন্তু দীর্ঘদিন এখানে একটি হিমাগার স্থাপিত না হওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা। বারবার আশ্বাস আর ফাইলবন্দী প্রস্তাবনার বেড়াজালে আটকে আছে কৃষকদের এই প্রাণের দাবি। পচে নষ্ট হচ্ছে কষ্টার্জিত ফসল।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জের আদমপুর, মাধবপুর, আলীনগর, ইসলামপুর, মুন্সীবাজার, পতনঊষার, কমলগঞ্জ সদর, রহিমপুর ইউনিয়নসহ পৌরসভায় বিপুল পরিমাণ সবজি চাষ হয়। তবে হিমাগার না থাকায় ফসল তোলার মৌসুমে কৃষক ন্যায্যমূল্য পান না। বাধ্য হয়ে কম দামে সবজি বিক্রি করতে হয়, নতুবা সংরক্ষণের অভাবে মাঠেই পচে যায় টন টন ফসল। কৃষকদের অভিযোগ, সংরক্ষণের সুবিধা থাকলে তারা অফ-সিজনে ভালো দামে পণ্য বিক্রি করতে পারতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত বিভিন্ন সময়ে সরকারি পর্যায়ে হিমাগার নির্মাণের জন্য জায়গা নির্বাচন ও প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়েছিল। কিন্তু অদৃশ্য কারণে সেই ফাইল আর আলোর মুখ দেখেনি। কৃষকদের দাবির মুখে মাঝেমধ্যে আশার বাণী শোনানো হলেও বাস্তবে এর কোনো অগ্রগতি নেই।

টমেটো চাষী আব্দুল মতিন জানান, "আমরা হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে ফসল ফলাই, কিন্তু রাখার জায়গা নেই বলে পানির দরে বিক্রি করতে হয়। একটা কোল্ড স্টোরেজ হলে আমাদের আর ঋণের জালে জড়াতে হতো না।"

ফসল মৌসুমে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমে যায়। হিমাগারে রাখতে পারলে পরে লাভজনক দামে বিক্রি সম্ভব। স্থানীয় আলু চাষিদের বীজের জন্য বাইরের জেলার ওপর নির্ভর করতে হয়। হিমাগার থাকলে তারা নিজেদের বীজ নিজেই সংরক্ষণ করতে পারতেন। হিমাগার থাকলে কৃষকরা বড় পরিসরে চাষাবাদে আগ্রহী হবেন, যা স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।

কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায় বলেন, কমলগঞ্জ উপজেলায় টমেটোসহ বিভিন্ন শাক সবজি উৎপাদন হয়। টমেটোসহ শাকসবজি পচনশীল হওয়ার হিমাগার অতীব জরুরি। এ ব্যাপারে সরকারিভাবে প্রস্তাবনা দেয়া আছে।

কমলগঞ্জের সাধারণ কৃষকদের এখন একটাই চাওয়া—আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে তাদের দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান ঘটানো হোক।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram