

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। রংপুরের কাউনিয়া উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
বুধবার বিকালে উপজেলার জিন্নাহ চম্পা ফাউন্ডেশন হল রুমে তিনি আরও বলেন, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সবার আগে দেশের কথা চিন্তা করে, দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে এনসিপি। এছাড়া আগামী দিনে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে এনসিপি। সকল দেশের সাথে বৈরীতা নয়, সমতার নীতি রক্ষা করা হবে। আমরা বিগত সময় থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আন্দোলন সংগ্রাম করেছি, এখনও করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আগামীতে এনসিপিসহ ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের বড়ই অভাব, নারীদের কর্মের পরিবেশের অভাব, স্বাস্থ্য শিক্ষা বাসস্থানসহ নানাবিধ সমস্যা রয়েছে। আমরা ক্ষমতায় গেলে কাউনিয়া-পীরগাছায় জনসেবা কেন্দ্র তৈরী করবো। যেখানে প্রতি তিন মাস পরপর সর্বস্থরের মানুষের সাথে বসে তাদের সমস্যা ও সম্ভাবনা গুলো শুনে কর্মপরিকল্পনা তৈরী করা হবে। সকল ধর্মের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করা হবে। সকল প্রকার সেবা জনগণের জন্য নিশ্চিত করা হবে। তিস্তা নদী বেষ্টিত কাউনিয়া-পীরগাছায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্টিকে জনশক্তিতে রূপান্তরিত করা হবে। বৈদেশিক মুদ্রা আহরনে যুব সমাজকে প্রশিক্ষত করে বিদেশে পাঠানো হবে। কৃষি প্রধান কাউনিয়া-পীরগাছা সহ দেশের প্রতিটি কৃষক যেন তাদের পন্যের ন্যায্য মূল্য পায় সেই পদক্ষেপ গ্রহন করা হবে। আমরা ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট এর বিরুদ্ধে আন্দোলন করেছি সাংবাদিকদের জন্য। তারা যেন তাদের বেতন ভাতা সঠিক সময় পায় এবং স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারে সেই উদ্দেশ্যে। আমরা গণভোটে হ্যা এর পক্ষে কাজ করে যাচ্ছি। আমরা চাই কোন মানুষ যেন সেবা নিতে গিয়ে প্রতারণার শিকার না হয়।
উপস্থিত সংবাদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সাংবাদিকরা জাতির বিবেক, আপনারা সঠিক ও বস্থু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ কে এগিয়ে নিয়ে যাবেন। আমি নির্বাচিত হলে কাউনিয়া-পীরগাছার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবো।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, এনসিপি কাউনিয়া উপজেলা সমন্বয়ক সাইদুর রহমানসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
