

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আসলাম সিকদার (২৩) নামের এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মোটেরপাড় নামক এলাকায় মোটরসাইকেল ও পাইপবোঝাই ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার বড়চওনা ইউনিয়নের বেলতলী এলাকার হেলাল সিকদারের ছেলে।
নিহতের চাচা ইউসুফ ড্রাইভার বলেন, গত সোমবার (৫ জানুয়ারি) রাতে সৌদি আরব থেকে দেশে ফিরেন আসলাম। বিকেল ৩টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বড়চওনা বাজারে যাওয়ার পথে মোটেরপাড়ে অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সখীপুর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আগামী শুক্রবার আসলামের বিয়ে হওয়ার কথা ছিল।
