ঢাকা
logo
প্রকাশিত : January 5, 2026

নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নেসকো নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লিগ্যাল এইডে অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বিদ্যুৎ সংযোগ দেওয়ার মাত্র সাত দিনের মাথায় কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন, গ্রাহকের সঙ্গে অসদাচরণ ও হয়রানির অভিযোগে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ঠাকুরগাঁও বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী গ্রাহক। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়া এলাকার বাসিন্দা ফিরোজ জামান নিজ বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ পেতে ২০২৫ সালের অক্টোবর মাসে নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগে আবেদন করেন। হোল্ডিং নম্বর, টিন সনদ, জমির দলিল, খারিজ খাজনাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র যাচাই শেষে নেসকো কর্তৃপক্ষ পরপর দুই দফা সার্ভে সম্পন্ন করে।

এরপর গত ৬ নভেম্বর ফিরোজ জামানের বাড়িতে প্রিপেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। ওই সংযোগে মিটার নম্বর ৩২০৫১০২২০১০ এবং কনজুমার নম্বর ৯৪৯০০৬৭৯ বরাদ্দ দেওয়া হয়। সংযোগ পাওয়ার পর নিয়ম অনুযায়ী তিনি মিটার রিচার্জও করেন।

কিন্তু সংযোগ দেওয়ার মাত্র সাত দিনের মাথায় এক রাতে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ফিরোজ জামান ও তার পরিবার পুরো রাত অন্ধকারে কাটাতে বাধ্য হন। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত খাদ্যসামগ্রীও নষ্ট হয়ে যায়।

পরদিন সকালে সংযোগ বিচ্ছিন্নের কারণ জানতে তিনি ঠাকুরগাঁও নেসকো অফিসে গেলে নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামের সঙ্গে কথা বলেন। এ সময় নির্বাহী প্রকৌশলী গ্রাহকের সঙ্গে অসদাচরণ করেন এবং মামলার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

দীর্ঘদিন পরিবার নিয়ে বিদ্যুৎহীন অবস্থায় থাকায় নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। সংযোগ পুনর্বহালের আশায় তিনি একাধিকবার নেসকো অফিসে যোগাযোগ করলেও কোনো সমাধান মেলেনি। পরে গত ২৩ নভেম্বর নির্বাহী প্রকৌশলীর বরাবরে একটি উকিল নোটিশ পাঠানো হয়। উকিল নোটিশ দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে নেসকোর পক্ষ থেকে পাল্টা নোটিশ দেওয়া হয় এবং সেখানেও মামলার হুমকি দেওয়া হয়।

এছাড়া গত ২৬ নভেম্বর সন্ধ্যায় একজন নারী কর্মকর্তাসহ নেসকোর একটি সার্ভে টিম আবারও তার বাড়িতে গিয়ে পুনরায় সার্ভে করে। সবশেষে কোনো উপায় না পেয়ে ন্যায়বিচার পেতে গত ২৯ ডিসেম্বর নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে জেলা লিগ্যাল এইড অফিসে বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল ও হয়রানি বন্ধের দাবিতে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ফিরোজ জামান।

অভিযোগে ফিরোজ জামান বলেন, আমি বিধি মোতাবেক সব কাগজপত্র জমা দিয়ে আবেদন করেছি। অফিস আমার কাছ থেকে অঙ্গীকারনামাও নিয়েছে। সব যাচাই-বাছাই শেষে সংযোগ দেওয়ার পর হঠাৎ সাত দিনের মাথায় কেটে দেওয়া হলো। যদি কোনো সমস্যা থাকেই, তাহলে সংযোগই বা দেওয়া হলো কেন?

স্থানীয় বাসিন্দা রুবেল, হুমায়ন, মমিন ও নাজমূল ক্ষোভ প্রকাশ করে বলেন, সব কাগজ যাচাই করে, দুইবার সার্ভে করে সংযোগ দেওয়ার পর হঠাৎ বিদ্যুৎ কেটে দেওয়া সাধারণ কোনো ভুল নয়। এটি স্পষ্ট ক্ষমতার অপব্যবহার। উকিল নোটিশ দেওয়ার পর যদি একজন নাগরিক হয়রানির শিকার হন, তাহলে ন্যায়বিচার চাওয়াটাই কি অপরাধ?

তারা আরও বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মানে একটি পরিবারকে অন্ধকারে ঠেলে দেওয়া। শিশু, নারী ও বয়স্কদের নিয়ে একটি পরিবার দিনের পর দিন বিদ্যুৎহীন থাকলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। এসব ঘটনায় জবাবদিহি না থাকলে মানুষ রাষ্ট্রীয় সেবার ওপর আস্থা হারাবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা সুজনের সভাপতি সাংবাদিক আব্দুল লতিফ বলেন, নোটিশ ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা শুধু আইন লঙ্ঘন নয়, এটি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার। যাচাই-বাছাই শেষে সংযোগ দিয়ে আবার কেটে দেওয়া মানে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা।”

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান জিলানী বলেন, কোনো অবস্থাতেই পূর্ব নোটিশ ছাড়া একজন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায় না। এটি বিদ্যুৎ আইন ও ভোক্তা অধিকার সংক্রান্ত বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

অভিযোগের বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ফিরোজ জামানের বোনেরা বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য লিখিত অভিযোগ করেছেন। সে কারণেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে সার্ভে শেষে জমিতে বসবাস নিশ্চিত হওয়ার পরও কেন নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে—এ প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মজনু মিয়া বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram