ঢাকা
logo
প্রকাশিত : January 4, 2026

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর বিএসএফের হাতে আটক রবিউল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তবে কিভাবে সে মারা গেছে এ বিষয়ে পরিবার ও বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন তথ্য পাওয়া যায়নি।

যদিও পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, অসুস্থতাজনিত কারনে মারা গেছে সে। আর স্থানীয়রা বলছেন, বিএসএফের হাতে আটকের পর তাদের নির্যাতনেই মারা গেছে রবিউল।

রবিউল ইসলাম (৩৫) সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি এবং বিজিবি সূত্রে জানা গেছে, আজ রবিবার (৪ জানুয়ারি) ভোররাতে আনুমানিক রাত ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯/৭ এস এলাকা দিয়ে তিনজন বাংলাদেশি গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় প্রবেশ করেন।

এ সময় রঘুনাথগঞ্জ থানা এলাকার বিএসএফের পাতলা টোলা সাব-ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যারা পালাতে সক্ষম হলেও; রবিউল বিএসএফের হাতে ধরা পড়ে। আটকের পর আজ সকালে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বিকেলে বিজিবির কাছে অভিযোগ দেয়া হয় পরিবারের পক্ষ থেকে।

এ বিষয়ে নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী বলেন, ‘ভোর রাতে তিনজন মিলে গরু আনতে ভারতে যায়। পরে জানতে পারি রবিউল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পাই। তবে তিনি দাবি করেন আটকের পর নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বিএসএফের কাছে জানতে চেয়ে আজ সন্ধ্যা ৬টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, খালি গায়ে ও হ্যাফ প্যান্ট পরা অবস্থায় রবিউলকে আটক করা হয়। এ সময় তার পুরো শরীর পানিতে ভেজা ছিলো। পরে ক্যাম্পে নেওয়ার পর তাকে জামা-কাপড় দেয়া হলেও; তার শরীরে খিচুনি দেখা দেয়। এ সময় তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

বিএসএফ আরও জানিয়েছে, আগামীকাল সোমবার তার মৃতদেহ হস্তান্তর করা হবে। বিজিবি অধিনায়ক জানিয়েছেন, বিএসএফের দেয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারনে তার মৃত্যু হয়েছে। তবে, মরদেহ ফেরত পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এই মৃত্যুর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা।

এদিকে, রবিউলের মৃত্যুর খবর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও; সেখানেও মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram