

মহিনুল ইসলাম সুজন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে সদর ইউনিয়নের নটাবাড়ি এলাকায় এক ব্যক্তিকে এক লাখ টাকা ও বালা পাড়া ইউনিয়নের শোভানগঞ্জ এলাকায় এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ওই দুই ব্যক্তিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবীর। এ সময় ডিমলা থানা পুলিশ ও গ্রাম পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
জনসচেতনতা বৃদ্ধিতে ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
