

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল-দুমকি সড়কের রাজাখালি শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকা মালামাল টমটম ও অটোবাইক সংঘর্ষে অটোবাইকের রবিউল (৬) ও ইব্রাহিম (৫৫) নামের ২ যাত্রী নিহত ও অপর ২ যাত্রী আহত হয়েছেন।
আহতরা হলেন, মোঃ সুমন সর্দার (২৫), আবদুল কাদের (৫০)। নিহত ও আহতদের গ্রামের বাড়ি বাউফলের কনকদিয়া ইউনিয়নের ঝিলনা ও কলতা গ্রামে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, শ্রীরামপুর ব্রিজ পার্শ্ববর্তী ছোট রাস্তা থেকে স্যালো ইঞ্জিন চালিত একটি টমটম দ্রুতগতিতে মেইন সড়কে উঠছিল। একই সময় মেইন রাস্তা দিয়ে যাত্রী নিয়ে একটি অটোবাইক যাচ্ছিল। এসময় টমটম ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোবাইক উল্টে গিয়ে শিশুসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে পটুয়াখালীর মর্গে প্রেরণ করেছেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম উদ্দিন বলেন, লাশের সুরতহাল করে মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
