

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় কয়লাবাহী একটি ট্রাকের চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সোলেমান মিয়া (২১)। তিনি চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কে ভারতীয় পণ্যবাহী ট্রাক চলাচলে অসতর্কতার কারনে এই দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিহত যুবকের পরিবারের পাশে দাড়ানোর দাবী জানান।
চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে পরে খোঁজ নিয়ে জানতে পারেন একটি ভারতীয় কয়লাবাহী ট্রাকের নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
