

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় চলতি মৌসুমে আগাম আলুচাষ করে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। মাঠে ফলন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছেন না তারা। ফলে লোকসানের আশঙ্কা আর অনিশ্চয়তায় দিন কাটছে উপজেলার শত শত কৃষক পরিবারের।
উপজেলার আলোকঝাড়ী, আঙ্গারপাড়া, ভাবকী, খামারপাড়া ও ভেড়ভেড়ি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, দলবেঁধে নারী-পুরুষ কৃষকরা আলু তুলছেন। কেউ মাটি ঝেড়ে আলু পরিষ্কার করছেন, কেউ ঝুড়িতে ভরে বাজারে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে সেই কর্মব্যস্ততার মাঝেও মুখে নেই স্বস্তির হাসি—বরং চোখেমুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে প্রতি বিঘা জমিতে আগাম আলু চাষে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক মজুরি বাবদ খরচ হয়েছে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা। অথচ বর্তমানে স্থানীয় বাজারে আগাম আলুর কেজি বিক্রি হচ্ছে মাত্র ৮ থেকে ১২ টাকায়। এতে উৎপাদন খরচ তো উঠছেই না, উল্টো বাড়ছে ধারদেনার চাপ।
আঙ্গারপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল মজিদ বলেন, “এ বছর আলুর ফলন ভালো হলেও দাম একেবারেই নেই। আলু তুললেই লোকসান। ঋণ শোধ করা তো দূরের কথা, সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।”
ভেড়ভেড়ি ইউনিয়নের কৃষক রওশন আলী বলেন, “সব কৃষকের হিমাগারে আলু রাখার সামর্থ্য নেই। বাধ্য হয়ে ক্ষেত থেকেই কম দামে বিক্রি করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা ছোট কৃষকরা।”
কৃষকদের অভিযোগ, বাজারে আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে তারা ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষক পর্যায়ে দাম কম হলেও ভোক্তা পর্যায়ে সেই আলুর দাম তেমনভাবে কমছে না বলেও দাবি করেন তারা। লোকসানের আশঙ্কায় আগাম আলুচাষে কৃষকদের আগ্রহ কমে আসছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর খানসামা উপজেলায় আগাম আলু চাষ হয়েছিল ১ হাজার ১৫০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৮৯০ হেক্টরে। উৎপাদন খরচ বৃদ্ধি ও আগের মৌসুমে ন্যায্য দাম না পাওয়াই আবাদ কমার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃষকদের দাবি, শুধু পরামর্শ দিয়ে এই সংকট কাটানো সম্ভব নয়। আগাম আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি পর্যায়ে কার্যকর বাজার ব্যবস্থাপনা, হিমাগার সুবিধা সহজ করা এবং প্রয়োজনে সরাসরি কৃষকের কাছ থেকে আলু সংগ্রহের উদ্যোগ নেওয়া জরুরি।
কৃষকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী মৌসুমে আগাম আলুচাষ আরও কমে যেতে পারে। এতে শুধু কৃষক নয়, সামগ্রিক কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, “চলতি মৌসুমে খানসামা উপজেলায় আগাম আলুর ফলন মোটামুটি ভালো হয়েছে। তবে একসঙ্গে বেশি আলু বাজারে আসায় সরবরাহ বেড়েছে, ফলে দাম কম রয়েছে।”
তিনি আরও বলেন, “আগের বছরের তুলনায় এ বছর আগাম আলুর আবাদ কিছুটা কমেছে। কৃষকদের ক্ষতি কমাতে মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আলু সংরক্ষণ, বাছাই ও বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি বাজার পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
