

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদের কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন।
নুরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর গণমাধ্যমকে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তিনি জনগণের কাছে সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি একটি সুষ্ঠ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা এবং প্রার্থী, কর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন। এজন্য দ্রুত সরকারের কঠোর সিদ্ধান্ত গ্রহণ এবং তা কার্যকর ও বাস্তবায়নের দাবি জানান তিনি।
